Sunday, November 22, 2026

সংবাদ সম্মেলন


কর্ণফুলী নদী শুধু চট্টগ্রামের নয়, বরং পুরো বাংলাদেশের অর্থনীতির প্রাণরেখা। এই নদীর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহের ওপর নির্ভর করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। অথচ অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করছি যে, কর্ণফুলী নদীর অস্তিত্ব আজ চরম হুমকির মুখে।
আপনারা জানেন, কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ও নদীকে বাঁচাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সুনির্দিষ্ট বৈজ্ঞানিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই বুয়েট নির্দেশনাকে সম্পূর্ণ উপেক্ষা করে অপরিকল্পিতভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে। ড্রেজিংয়ের নামে নদীর বালু ও মাটি উত্তোলন করে আবার নদীরই এক পাশ ভরাট করা হচ্ছে, যা নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করছে। এই অনিয়মের ফলে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে নদীর তলদেশ ভরাট হয়ে নৌযান চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আমাদের জাহাজী শ্রমিকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই নদীতে নৌযান পরিচালনা করছেন।
এছাড়া, মহামান্য হাইকোর্ট কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ২,১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও রহস্যজনক কারণে সেই উচ্ছেদ অভিযান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। প্রভাবশালী দখলদারদের কারণে নদী আজ সংকুচিত হয়ে খালে পরিণত হতে চলেছে।
আজকে এখানে উপস্থিত বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলন, বেলা, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, বাংলাদেশ পরিবেশ ফোরাম, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্ক, সৃষ্টি, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন এবং আমাদের বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনসহ সকল সংগঠনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই—কর্ণফুলী ধ্বংসের এই মহোৎসব আর চলতে দেওয়া যায় না।
আমাদের সুস্পষ্ট দাবিগুলো হলো:
১. বুয়েটের নির্দেশনা উপেক্ষা করে কর্ণফুলী ড্রেজিংয়ে যে অনিয়ম, নদী ভরাট ও পরিবেশগত ক্ষতি করা হয়েছে, উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটির মাধ্যমে তার সুষ্ঠু তদন্ত করতে হবে।
২. তদন্ত সাপেক্ষে এই অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত বন্দর কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্ণফুলী নদীর সীমানায় থাকা ২,১৮১টি অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করে নদীর সীমানা সংরক্ষণ করতে হবে।
৪. নদীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে বৈজ্ঞানিক উপায়ে ও বুয়েটের পরামর্শ অনুযায়ী সঠিক ড্রেজিং ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, আর চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা আশা করি, আপনারা আপনাদের লেখনী ও প্রচারের মাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। প্রশাসন যদি দ্রুত আমাদের এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আমরা জাহাজী শ্রমিক ও পরিবেশবাদী সংগঠনগুলোকে সাথে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like