মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের নদী, পানি ও প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে এবং প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবনুল সাঈদ রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, হালিম দাদ খান, রোকন রকি, ভূমিহীন আন্দোলনের সংগঠক সামিয়ুল ইসলাম রাসু, অলিউল হক ওলি, ফরিদুল ইসলাম ও লিটন কবিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক ও নিপীড়িত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। মানুষের প্রতি তাঁর দরদ, দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান আজকের সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম বলেন, জনগণ সরকারকে বাধ্য না করলে কোনো সরকারই সঠিকভাবে কূটনৈতিক পদক্ষেপ নিতে পারবে না। জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের সচেতনতা ও সম্মিলিত চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, মাওলানা ভাসানী আমাদের এই সময়ে আরও বেশি প্রাসঙ্গিক। তিনি দেশের মানুষের প্রতি দরদী হতে এবং মানুষের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন ও সংগ্রাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
হালিম দাদ খান বলেন, দেশের নদী ও খালের ওপর সেতু ও কালভার্ট নির্মাণের ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে এসব নির্মাণকাজের কারণে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদী ক্রমশ সংকুচিত ও মৃতপ্রায় হয়ে পড়ছে। নদী রক্ষায় প্রকৌশলগত পরিকল্পনা ও পরিবেশগত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আলোচনায় অন্যান্য বক্তারাও দেশের নদ-নদী, পানি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ, জনসচেতনতা এবং জনগণের অধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা মাওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে দেশের নদী, পানি, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।