ঢাকায় গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিশ্ব নগর দিবস ২০২৬ পালিত
এইচবিআরসির শ্বেতপত্র “নগরের পুনর্জাগরণ, সবার জন্য আবাসন” প্রকাশ;
সম্প্রসারণের আগে বিদ্যমান নগরের পুনর্জাগরণের আহ্বান
বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ (এইচএফএইচ-বি) যৌথভাবে ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার) বিআইপি সম্মেলন কক্ষে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল “নগরের পুনর্জাগরণ: সবার জন্য পর্যাপ্ত আবাসন”। বৈঠকে সরকার, উন্নয়ন-সহযোগী সংস্থা, জাতিসংঘের সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিকল্পনাবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। বৈঠকটি সঞ্চালনা করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে নগরের পুনর্জাগরণ ও সবার জন্য পর্যাপ্ত আবাসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এইচবিআরসির শ্বেতপত্র “নগরের পুনর্জাগরণ, সবার জন্য আবাসন”-এর মোড়ক উন্মোচন। শ্বেতপত্রটির মোড়ক উন্মোচন করেন এইচবিআরসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক, পিইঞ্জ.। তিনি জানান, ৩০টিরও বেশি গবেষণা ও প্রকাশনা পর্যালোচনার ভিত্তিতে শ্বেতপত্রটি প্রস্তুত করা হয়েছে। এতে পর্যাপ্ত আবাসনের সংজ্ঞা, পরিমাপের মানদণ্ড, আবাসন ঘাটতি নিরূপণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, শ্বেতপত্রটি একটি চলমান উদ্যোগ; সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও যাচাইয়ের মাধ্যমে এটি আরও সমৃদ্ধ করা হবে। এ লক্ষ্যে তিনি অংশগ্রহণকারীদের শ্বেতপত্রে প্রস্তাবিত সংজ্ঞা ও মানদণ্ড যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানান।
শ্বেতপত্রে উল্লেখ করা হয়, জনশুমারি ২০২২ অনুযায়ী শহরের প্রতি তিনটি খানার একটি এবং গ্রামের প্রতি দশটি খানার সাতটি কাঁচা বা ঝুপড়ি ঘরে বসবাস করে। বাংলাদেশে বস্তি গণনার ক্ষেত্রে মূলত ক্লাস্টারভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে জাতিসংঘের পদ্ধতিতে প্রতিটি বঞ্চিত খানাকে আলাদাভাবে বিবেচনা করা হয়। ফলে দেশে আবাসন ঘাটতির প্রকৃত চিত্র যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। শ্বেতপত্রের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, ২০২২ থেকে ২০৩০ সালের মধ্যে দেশে ১ কোটি ১২ লাখ থেকে ১ কোটি ৩৫ লাখ নতুন ঘর নির্মাণ এবং প্রায় ১ কোটি ৯৬ লাখ বিদ্যমান ঘরের উন্নয়ন প্রয়োজন। শহরাঞ্চলে নতুন আবাসনের চাহিদা বেশি হলেও গ্রামাঞ্চলে বিদ্যমান ঘরের মানোন্নয়নের প্রয়োজনীয়তা বেশি। শ্বেতপত্রে পর্যাপ্ত আবাসনের জন্য ছয়টি পরিমাপযোগ্য শর্ত নির্ধারণ, খানাভিত্তিক বস্তি গণনা এবং বস্তি ও দখলি বসতির পৃথক সংজ্ঞা প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ফেরোসিমেন্ট রেট্রোফিটিং, ইটভাটামুক্ত হালকা দেয়াল এবং বন্যা-সহনশীল গ্রামীণ ঘরের মতো সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। শ্বেতপত্রের শেষাংশে এ বিষয়ে এইচবিআরসির ছয়টি অঙ্গীকারও উল্লেখ করা হয়েছে।
হ্যাবিটেট ফর হিউম্যানিটি -এর অ্যাসোসিয়েট ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান বলেন, একটি টেকসই নগর গড়ে তুলতে শুধু সড়ক ও অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; সবার জন্য আবাসন নিশ্চিত করাও জরুরি। তিনটি প্রতিষ্ঠানের কাজের ধরন ভিন্ন হলেও লক্ষ্য অভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।
বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার দেশের ভবনগুলোর নিরাপত্তা, সাশ্রয়ী মূল্য ও টেকসই বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি রেটিং ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, দেশের প্রায় ৪১ মিলিয়ন ভবনকে একটি মূল্যায়ন কাঠামোর আওতায় এনে প্রতিটির জন্য সনদ প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তথ্যের ঘাটতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশের বাস্তবতা অনুযায়ী নিজস্ব মানদণ্ড ও সংজ্ঞা তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন।
বিশিষ্ট স্থপতি, নগর পরিকল্পনাবিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান শ্বেতপত্রে আবাসনের আর্থিক সক্ষমতা ও বাস্তবায়ন মডেল অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, আবাসন ব্যয় মানুষের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। তাঁর মতে, আবাসনকে শুধু একটি অবকাঠামো হিসেবে না দেখে এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব যেমন কর্মসংস্থান, শিক্ষার সুযোগ ও মানুষের মর্যাদা বৃদ্ধির বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। ভাড়াভিত্তিক আবাসনের মাধ্যমেও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্থপতি ড. নবনীতা ইসলাম আবাসনকে শুধু একটি পণ্য হিসেবে বিবেচনা না করে ভূমি ব্যবস্থাপনা, কর্মসংস্থান ও জীবিকার সঙ্গে সমন্বিতভাবে দেখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আবাসন প্রকল্পের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় কর্মসংস্থানের সুযোগ এবং ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলোও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
‘প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ-পরিবেশ রক্ষা জাতীয় কমিটি’-র মুখপাত্র ইবনুল সাঈদ রানা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং পরিকল্পনার মূল উদ্দেশ্য পরিবর্তিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি নদী ভরাট, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং গ্রামীণ এলাকার ওপর নগরায়ণের চাপের উদাহরণ দিয়ে বলেন, আবাসন উন্নয়নে নতুন ও উদ্ভাবনী মডেল প্রয়োজন, যা একই সঙ্গে নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সহায়তা করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ বলেন, বিদ্যমান নগরের উন্নয়নে পুনর্জাগরণ, নবায়ন ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দিতে হবে। আবাসন নগরায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে তিনি ভূমি ব্যবহার জোনিং, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং নগরের মৌলিক সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান। তাঁর মতে, আবাসন সমস্যার সমাধান ছাড়া কার্যকর নগর পরিকল্পনা সম্ভব নয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও স্থপতি ড. মোহাম্মদ মারুফ হোসেন বলেন, ‘হাউজ’ এবং ‘হাউজিং’ এক বিষয় নয়; হাউজিং একটি বিস্তৃত ধারণা, যার সঙ্গে ভূমি ব্যবহার, অবকাঠামো, সেবা ও সামাজিক বিষয়গুলো যুক্ত। তিনি গ্রামীণ ও নগর এলাকার আবাসনকে স্থানীয় বাস্তবতার আলোকে পরিকল্পনা করার এবং ঢাকা ও চট্টগ্রামের বাইরে অন্যান্য শহর ও অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, স্থানীয় পর্যায়ে সুযোগ-সুবিধা ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা গেলে বড় শহরমুখী অভিবাসনের চাপ কমানো সম্ভব।
HBRC এর সোশাল জেন্ডার কন্সালটেন্ট তাজকিরা খায়ের আবাসন পরিকল্পনায় সব লিঙ্গের মানুষের চাহিদা ও প্রয়োজন অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু ভবন নির্মাণ নয়, ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় অংশগ্রহণমূলক পরিকল্পনা নিশ্চিত করাও টেকসই উন্নয়নের জন্য জরুরি।
বাংলাদেশ আরবান ফোরামের উপদেষ্টা মোস্তফা কাইয়ুম খান জাতীয় নগর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দীর্ঘসূত্রতা এবং নগর উন্নয়নে সরকারের সীমিত অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দেশে দ্রুত নগরায়ণ ঘটলেও জাতীয় নগর নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যায়নি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সীমিত ক্ষমতা ও স্বায়ত্তশাসনের অভাবও নগর সমস্যার সমাধানে বাধা সৃষ্টি করছে। তিনি জাতীয় পর্যায়ে নগর উন্নয়ন বিষয়ে সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় সরকারকে আরও দায়িত্ব ও ক্ষমতা প্রদানের আহ্বান জানান।
রাজউকের টাউন প্ল্যানার পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার বলেন, আবাসন একটি বহুমাত্রিক ও বহুপক্ষীয় বিষয়, যার সঙ্গে আয়, ভূমি, সেবা ও জীবনযাত্রার মান সরাসরি সম্পৃক্ত। তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে আবাসনের অপর্যাপ্ততা নির্ধারণ, পরিমাপের জন্য একটি অভিন্ন মানদণ্ড তৈরি এবং নির্দিষ্ট লক্ষ্য ও সূচক নির্ধারণের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে আবাসন পরিকল্পনার সংযোগ স্থাপন করা হলে বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে আরও গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (IEB) সাবেক সভাপতি ইঞ্জি. এ. এন. এইচ. আখতার হোসেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নগর ও আবাসন ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল করার আহ্বান জানান। তিনি বলেন, অতিরিক্ত কেন্দ্রীভূত শাসনব্যবস্থার কারণে স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। গ্রামীণ এলাকায় অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত প্লটভিত্তিক উন্নয়নের পরিবর্তে সুষম ও পরিকল্পিত আবাসন মডেল বিবেচনার পরামর্শ দেন তিনি।
হ্যাবিটেট ফর হিউমেনিটির ন্যাশনাল ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আবাসনকে একটি পণ্য নয়, বরং একটি চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অনানুষ্ঠানিক বসতিতে মৌলিক সেবা প্রদানই যথেষ্ট নয়; সেখানে সমন্বিত আবাসন সমাধান প্রয়োজন। সীমিত সম্পদের মধ্যেও উদ্ভাবনী উদ্যোগের পাশাপাশি সেগুলোর কার্যকর প্রচার ও সম্প্রসারণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্যে দেশের আবাসন সংকট, অপরিকল্পিত নগরায়ণ, ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকারের ভূমিকা এবং পরিকল্পনার কার্যকর বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিষয় তুলে ধরেন, যা সবার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে।
সমাপনী বক্তব্যে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আবাসন সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি এবং বিদ্যমান পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। ড্যাপের উদাহরণ দিয়ে তিনি বলেন, পরিকল্পনায় অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি রয়েছে; বরং ব্যক্তিস্বার্থে পরিকল্পনা পরিবর্তনের ঘটনাও দেখা যায়। তিনি আরও বলেন, আবাসন সমস্যা নগরের সামগ্রিক সমস্যার একটি অংশ মাত্র। আবাসন সংকটের পাশাপাশি ভূমি ব্যবহার, পরিবেশ, পরিবহন ও অন্যান্য নগর সমস্যার সমন্বিত সমাধান নিশ্চিত করতে হবে।
বৈঠকে অংশগ্রহণকারীরা শ্বেতপত্রে প্রস্তাবিত আবাসনের সংজ্ঞা, মানদণ্ড ও গণনা পদ্ধতি যাচাইয়ের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আবাসন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা, মানুষের আর্থিক সক্ষমতা, ভূমি ব্যবস্থাপনা, কর্মসংস্থান, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা বিবেচনার সুপারিশ করেন। তাঁরা মনে করেন, বিদ্যমান নগরের পুনর্জাগরণ, পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া সবার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা সম্ভব নয়। বৈঠকের আলোচনা ও সুপারিশগুলো অনলাইন শ্বেতপত্রের পরিশিষ্ট হিসেবে প্রকাশ করা হবে।