Tuesday, November 17, 2026

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম


আনতালিয়া (তুরস্ক), ১৪ নভেম্বর ২০২৬: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা দরকার।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর জাপান প্যাভিলিয়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাপানের পক্ষে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশবিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া (Takeshi Sekiya) নেতৃত্ব দেন।

বাংলাদেশের প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অবদানের প্রশংসা করেন। তিনি জাপানের উন্নত প্রযুক্তি, পণ্যের গুণগত মান, সততা, প্রতিশ্রুতি ও কর্মদক্ষতার প্রতি বাংলাদেশের আস্থার কথা তুলে ধরেন এবং পরিবেশ ও জলবায়ু খাতে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম (জেসিএম)-এর আওতায় সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগ সম্পর্কে জাপানি প্রতিনিধিদলকে অবহিত করেন। এ ক্ষেত্রে জাপানের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন।

বর্জ্য ব্যবস্থাপনা ও পানিদূষণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ঢাকা ও আশপাশের নদ-নদীর দূষণ পরিস্থিতি তুলে ধরেন। তিনি শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে ইটিপি, এসটিপি এবং কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপনে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ কামনা করেন। বিশেষ করে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার স্থাপনের মাধ্যমে শিল্পদূষণ নিয়ন্ত্রণে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জাপানের ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ সুরক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং আগামী বছরগুলোতে এ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জাপানের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের গ্লোবাল এনভায়রনমেন্ট ব্যুরোর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর ট্রানজিশন টু ডিকার্বনাইজেশন অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের পরিচালক রিউজো সুগিমোতো (Ryuzo Sugimoto) এবং জেসিএম অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্বন মার্কেট অফিসের পরিচালক তোরু তেরাই (Toru Terai)।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like